জৈন্তাপুর প্রতিনিধিঃ
সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বিশেষ আভিযানিক টহল দল পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট, মদ, গরু, জিরা ও ঔষধসহ প্রায় ৪৩ লক্ষ টাকার মালামাল জব্দ করেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপি’র টহল দল সীমান্তের শূন্যরেখা হতে প্রায় ৫ কিলোমিটার ভেতরে কানাইঘাট পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় আই বল চকলেট ৩,৯০০ পিস, কিটক্যাট চকলেট ৫০৪ পিস, ডেইরী মিল্ক চকলেট ৩৯,৩৬০ পিস এবং চোরাচালানে ব্যবহৃত একটি টাটা পিকআপ আটক করা হয়। জব্দকৃত চকলেট ও গাড়ির আনুমানিক মূল্য ২৭,৮৮,১৪০ টাকা।
এছাড়াও ০৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জৈন্তাপুর, লালাখাল, গুয়াবাড়ী ও লক্ষীবাজার বিওপি’র যৌথ টহল দল জৈন্তাপুর ও জকিগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ ৪৭ বোতল, ০৬টি গরু, জিরা ২৩৯ কেজি এবং বেটনোভেট ক্রিম ৫,০৪০ পিস জব্দ করে। এসব মালামালের সিজারমূল্য দাঁড়ায় ১৪,৭৩,৮০০ টাকা।
দুটি অভিযানে মোট ৪২,৬১,৯৪০ টাকার চোরাচালানী মালামাল জব্দ হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
অভিযান প্রসঙ্গে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনকল্পে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত মালামাল শুল্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


