আধুনিক ডেস্ক ::
ঢাকায় স্থানান্তর হচ্ছে না সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস। এমনটিই আশ্বাস দিলেস ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে আলাপে তিনি এ আশ্বাস দেন।
সম্প্রতি সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রে ঢাকায় স্থানান্তরের পাঁয়তারা চলছে বলে অভিযোগ ওঠে। প্রতিবাদে মানববন্ধন-সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হতে থাকে। মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ভূমি উপদেষ্টার নজরে আনলে তিনি এ আশ্বাস প্রদান করেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তর করা হবে না।
জানা গেছে, ২০১২ সালে সিলেটে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অধীনে এই মিনি প্রেসটি সিলেট জোনাল অফিসে স্থাপন করা হয়েছিল। স্থাপনের পর থেকেই প্রেসটি সুনামের সঙ্গে সিলেটের, ৪ জেলার ভূমি মালিকদের জন্য দ্রুত খতিয়ান ছাপার কাজ করে আসছে। এর ফলে এখানকার প্রবাসীরাও দ্রুত সেবা পাচ্ছিলেন, যা ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সহায়ক ছিল। এই প্রেসের কারনেই সিলেট জরিপ কাজ দ্রুত সমাপ্তির পথে।
অভিযোগ, সাবেক জোনাল সেটেলমেন্ট অফিসার কাজী মাহবুব উর রহমান অনৈতিক সুবিধা না পেয়ে একটি লিখিত পত্রে মিথ্যা তথ্য দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে প্রেসটি ঢাকায় স্থানান্তরের প্রস্তাব দেন।


