আধুনিক রিপোর্ট ::
সিলেটের প্রশাসনের পাঁচ কর্মকর্তাকে সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের কোনো সভায় অংশগ্রহণে ও দায়িত্ব পালনে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (২৭ জুলাই) সিলেটের সিনিয়র সহকারী জজ সদর আদালতের বিচারক এ অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। এরা হলেন- সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিলেট মহানগর সার্কেল সহকারী কমিশনার (ভূমি), সহকারী কমিশনার (শিক্ষা শাখা)।
বাদিপক্ষের আইনজীবী সাবেক জিপি অ্যাডভোকেট এএইচ ইরশাদুল হক জানান, আদালতের কারণ দর্শানো নোটিশের বিপরীতে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় পূর্ণাঙ্গ শুনানি না হওয়া পর্যন্ত তাদের প্রতি আদালত এ নিষেধাজ্ঞা দিয়েছেন।
বাদিপক্ষের আইনজীবী আরও জানান, সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ট্রাস্টি বোর্ডে প্রশাসনের পাঁচ কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করায় দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে গত সিলেটের জেলা প্রশাসক ও খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোহাম্মদ শের মাহবুব মুরাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিলেট মহানগর সার্কেল সহকারী কমিশনার (ভূমি), সহকারী কমিশনারকে (শিক্ষা শাখা) পাঁচ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেন সিনিয়র সহকারী জজ সদর আদালতের বিচারক। গত ১৬ জুলাই সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ট্রাস্টি বোর্ডে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিলেট মহানগর সার্কেল সহকারী কমিশনার (ভূমি), সহকারী কমিশনারকে (শিক্ষা শাখা) অন্তর্ভুক্ত করায় মামলা দায়ের করেন প্রফেসর আবদুল বাকী চৌধুরীসহ বোর্ডের ৫ সদস্য। মামলার বাদীদের ভাষ্য, লিখিতভাবে আপত্তি জানানোর পরও জেলা প্রশাসক স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবে তার দপ্তরের পাঁচ কর্মকর্তাকে নিয়োগ দেন। এ নিয়ে আইনি জটিলতার কারণে তারা আদালতের দ্বারস্থ হন।
