দুর্জয় রায় : দিরাই
সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্য ধারণ করে বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জের দিরাইয়ে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা, সমবায় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মুল কার্যক্রম শুরু হয়। এরপর উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও অথিতিবৃন্দের অংশগ্রহনে একটি র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে দিরাইয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গণমিলনায়তন হলে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়ের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদুর রহমান খোন্দকা।
সভায় আরও বক্তব্য দেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামসুল ইসলাম খেজুর, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি, ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি -প্রশান্ত সাগর দাস, সমবায়ী লিলি আক্তার, দিরাই উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উবায়দুল্লাহ তাহমিদ,মিনহাজ তালুকদার, ইফতেখার আহমেদ শাহানুর,গোপেশ বর্মন,।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমবায় অর্থনৈতিক কর্মকান্ডে সমৃদ্ধি আনে । সকলকে একতা শেখায়। এ ছাড়া সকলের সমন্বয়ে ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা স্বনির্ভরতা অর্জন করা তথা আর্থ সামাজিক উন্নয়নে সমবায় পদ্ধতি একটি ফলপ্রসূ পদক্ষেপ।
এসময় উপজেলার সকল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।