স্টাফ রিপোর্ট
মার্কিন ডলারের দাম গত ১৫ দিনের ব্যবধানে আরও ২৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নতুন নির্ধারিত দর বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংকের পরামর্শে বুধবার ডলারের দর নির্ধারণের দায়িত্বে থাকা দুই সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
২৫ পয়সা দর কমানোর ফলে ডলারের নতুন ক্রয় দর নির্ধারণ করা হয়েছে ১০৯ টাকা ৫০ পয়সা। অন্যদিকে বিক্রয় দর নির্ধারণ হয়েছে ১১০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেন, এখন থেকে ডলারের ক্রয় দর হবে ১০৯ টাকা ৫০ পয়সা আর বিক্রয় দর হবে ১১০ টাকা। দেশের মুদ্রা বাজারে ডলারের স্থিতিশীলতা তৈরি হওয়ায় দাম তৃতীয় দফায় কমানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ভবিষ্যতে ডলারের দাম আরও কমবে।
বিনিময় হার বাজারভিত্তিক করার অংশ হিসেবে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংকের নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ডলারের দর নির্ধারণ করছে।
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পরামর্শ করে এ দাম নির্ধারণ করে থাকে সংগঠন দুটি।