আধুনিক ডেস্ক:
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সবচেয়ে বড় সোনার চালান জব্দের ঘটনায় অভিযুক্ত চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪ কেজির বেশি সোনা জব্দের ঘটনায় চার যাত্রীকে আসামি করে মামলা করা হয়েছে।
শুক্রবার রাতে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মর্তুজা আলী বাদী হয়ে মামলাটি করেছেন বলে বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ মইন উদ্দিন জানান।
আসামিরা হলেন- মৌলভীবাজারের জুড়ী উপজেলার বড়ধামাই এলাকার বাসিন্দা মোহাম্মদ হাবিবুর রহমান (৩৮), সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারের মো. সানু মিয়া (৩৫), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের মো. আক্তারুজ্জামান (৪০) ও একই উপজেলার চাঁদপুর গ্রামের মিসফাহ মিয়া (৪৯)।
ওসি মইন উদ্দিন বলেন, শনিবার বিকালে চারজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিজি ২৪৮ বিমানের সিট ও ওয়াশরুমের ভেতরে কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে ২৮০টি সোনার বার উদ্ধার করে; যার ওজন ৩২ কেজি ৭৬০ গ্রাম।
এ ছাড়া ছয়টি পেস্ট করা স্বর্ণের ডিম উদ্ধার করা হয়েছে; যার ওজন ১ কেজি ৫৯১ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা।


