নাজিম উদ্দিন,লাখাই :
হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামের একটি বসতঘরের মেঝে থেকে ১৩টি মারাত্মক বিষধর পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। সোমবারে উপজেলার স্থানীয় বাসিন্দা মোঃ রোমান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘরের ভেতর থেকে একসঙ্গে এতগুলো বিষধর সাপ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের মেঝেতে ইঁদুরের গর্তের ভেতর সাপের উপস্থিতি টের পান রোমান মিয়ার পরিবারের সদস্যরা। বিষয়টি তারা স্থানীয়দের জানালে বন্যপ্রাণী সুরক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ সুলেমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
পরবর্তীতে উদ্ধারকারী সুলেমানের দক্ষ নেতৃত্বে এবং স্থানীয়দের সহায়তায় মাটি খুঁড়ে ইঁদুরের গর্ত থেকে একে একে ১৩টি পদ্মগোখরা সাপের বাচ্চা নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপগুলোকে ইতোমধ্যে বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।বসতঘরের অন্দরে বিষধর সাপের আস্তানার খবরে আশপাশের বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লেও অহেতুক ভীত না হয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে উদ্ধারকারী দল। বিষধর সাপ বা বন্যপ্রাণী দেখা গেলে নিজে থেকে আঘাত না করে দ্রুত দক্ষ উদ্ধারকর্মীদের খবর দেওয়ার অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ১৫ দিন পূর্বে (২৬ সেপ্টেম্বর) একই উপজেলার ভাদিকারা মধ্যগ্রামে মলয় চন্দ্র দেবের বসতঘরের মেঝের টাইলসের নিচ থেকে ১৪ টি পদ্মগোখরো সাপের বাচ্চা ও ২৮ টি তাজা ডিম উদ্ধার করা হয়েছিল।


