আধুনিক ডেস্ক ::
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতে শিক্ষার্থীরা উত্তরায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন। দুই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও বগুড়াতেও শিক্ষার্থীরা অবরোধ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরের সামনে শিক্ষার্থীদের অবরোধ চলছে। বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে পুলিশ তাদের বাধা দিয়েছে।
একই দাবিতে বরিশালে দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বেলা দেড়টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল।
বিক্ষোভ হয়েছে বগুড়াতেও। বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বেলা ১১ টার দিকে তারা মহানগরীর সাতমাথা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। দুপুর ১২টার দিকে মিছিলটি নগরীর সাতমাথা এলাকা থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে যায়।কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ করা হয়। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেয় শিক্ষার্থীরা।
Reply


