নাজিম উদ্দিন, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আরশিয়া (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত আরশিয়া ঢাকার মহাখালী এলাকার বাসিন্দা বাপ্পি আহমেদের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় যে, উপজেলার পূর্ব রুহিতনশী গ্রামের বাসিন্দা ইলিয়াস মিয়া তালুকদারের মেয়ে জান্নাত আক্তার (মৌসুমী) শিশু মেয়ে আরশিয়াকে নিয়ে নানার বাড়িতে বেড়াতে আসেন। গত ১০ জুলাই (শুক্রবার) রাত প্রায় ৯টার দিকে খেলতে গিয়ে বাড়ির পাশের বর্ষার জমে থাকা পানিতে অসাবধানতাবশত পড়ে যায় আরশিয়া। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।
শনিবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের পানিতে আরশিয়ার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। পরবর্তীতে বিষয়টি লাখাই থানা পুলিশকে জানানো হয়। আরশিয়ার এ-ই মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


