জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলা এলাকায় ধানক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম শাহাদাৎ (২১)। তিনি উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের আমবাড়ী গ্রামের হেলাল মোল্লার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ মার্চ) সকাল প্রায় ৯টার দিকে উপজেলার কেন্দ্রী হাওর এলাকার একটি বিলসংলগ্ন ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় স্থানীয়দের অনেকেই মরদেহটি শাহাদাতের বলে শনাক্ত করেন।
মরদেহের পরনে ছিল আকাশি রঙের টি-শার্ট ও সবুজ রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট। তার গলায় একটি কালো রঙের ক্রসবেল্ট ব্যাগ ঝুলানো ছিল। মরদেহের মাথার সামনে একটি বাঁশের লাঠি পড়ে থাকতে দেখা যায়। তবে প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। রহস্য উদঘাটনে প্রশাসনের দ্রুত তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।


