দোয়ারাবাজার প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজারে “নারীর কণ্ঠে, ন্যায়ের ডাক” শীর্ষক এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”
সোমবার (৯ মার্চ) সকালে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশন। এতে সহযোগিতা করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)।
আন্তর্জাতিক নারী দিবসের মূল বার্তা তুলে ধরে অনুষ্ঠানে বলা হয়।প্রতিটি নারী ও কন্যাশিশু যেন নিরাপদ পরিবেশে নিজের অধিকার ভোগ করতে পারে, ন্যায়বিচার পায় এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে। এই লক্ষ্যকে সামনে রেখে ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন “স্পেস টু লিড” প্রজেক্টের আওতায় আয়োজন করা হয় এ কর্মসূচি।
অনুষ্ঠানের শুরুতে ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশনের এডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অফিসার রাফিদ আমীন অক্ষর পরিচালিত আলোচনা সেশনে অংশগ্রহণকারী কিশোরীদের নারী অধিকার, অধিকার লঙ্ঘনের ধরন, জেন্ডার ভিত্তিক সহিংসতা (GBV), যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR), অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং ডিজিটাল সহিংসতা সম্পর্কে সচেতন করা হয়। আলোচনায় অংশ নিয়ে কিশোরীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
পরবর্তীতে অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় একটি প্যানেল ডিসকাশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমাইয়া আক্তার, মেডিকেল অফিসার, দোয়ারাবাজার এবং কানিজ সুলতানা, সভাপতি, সচেতন নাগরিক কমিটি (সনাক), দোয়ারাবাজার।
প্যানেল আলোচনায় বক্তারা নারী ও কিশোরীদের স্বাস্থ্য অধিকার, আইনি সুরক্ষা, SRHR সম্পর্কে সচেতনতা এবং নারী অধিকার প্রতিষ্ঠায় আইনের যথাযথ প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তারা নারী ও কিশোরীদের ক্ষমতায়নে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্থানীয় কিশোরী, নারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। বক্তারা বলেন, নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারীর কণ্ঠ শক্তিশালী হলে তবেই প্রতিষ্ঠিত হবে ন্যায়বিচার ও সমতার সমাজ।


