আধুনিক ডেস্ক ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে গাজীপুরে একটি আসন বেড়েছে এবং বাগেরহাটে একটি আসন কমেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ৬টি এবং বাগেরহাটে একটি কমিয়ে তিনটি আসন রাখা হয়েছে। ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেটও প্রকাশ করা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সীমানা নির্ধারণসংক্রান্ত বিশেষায়িত কমিটি কাজ করেছে। এরপর ৩০ জুলাই ৩০০ আসনের সীমানার খসড়া প্রকাশ করেছে ইসি। নতুন খসড়ায় দ্বাদশ সংসদের ২৬১ আসনের সীমানা বহাল রেখে ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন করা হয়। তবে পরিবর্তনের মধ্যে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়েছে এবং বাগেরহাটে একটি আসন কমানো হয়।
সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি বা আপত্তি জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময় দেয় ইসি। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, সর্বমোট ১ হাজার ৮৯৩টি আপত্তি এবং সুপারিশ আবেদন এসেছে। ১০ আগস্ট পর্যন্ত ৩৩ জেলার ৮৪টি আসন–সম্পর্কিত ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি পরামর্শ বা সুপারিশ পাওয়া গেছে। পক্ষ ও বিপক্ষ উভয় দিক থেকেই মতামত এসেছে।
এরপর ২৪-২৭ আগস্ট টানা চার দিন প্রস্তাবিত নির্বাচনী এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তি ও আবেদনের ওপর শুনানি শেষ করে ইসি। এরপর পর্যালোচনা করে দ্রুত চূড়ান্ত তালিকা প্রকাশের কথা বলেছিলেন কমিশনের জ্যেষ্ঠ সচিব। সে অনুযায়ী আজ পুনর্নির্ধারিত সীমানার গেজেট প্রকাশিত হলো।


