শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’-এর সহযোগিতায় ‘কিন স্কুল’-এর শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম ও তার সহধর্মিণী । উপাচার্য ও তাঁর সহধর্মিণী ড. জিনাত ইয়াছমীনের ব্যক্তিগত অর্থায়নে এই কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে উপাচার্য ৬৫ জন শিশু শিক্ষার্থীর হাতে খাবার তুলে দেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন।
খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপাচার্যের সহধর্মিণী ড. জিনাত ইয়াছমীন, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. রেজোয়ান আহমদ, উপাচার্যের দুই সন্তান রুবাইত ফেরদৌস জনিন ও রওনক ফেরদৌস জেহান ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।
ব্যক্তিগত উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোয় উপাচার্য ও তাঁর পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনের সদস্যরা।


