মো:ইমাম হোসেন, ধর্মপাশা – মধ্যনগর:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ধর্মপাশা সদর ইউনিয়নের উকিলপাড়া ও শুক্রবার (২৬জুন) বিকেলে কান্দাপাড়া গ্রামের সজল মজুমদার ও মর্জিনার বসতঘরে পৃথক দুটি মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ । এ সময় বিপুল পরিমাণ গাঁজা, রেক্টিফাইড স্পিরিট,মাদক বিক্রির নগদ টাকা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সজল মজুমদার (৩৪), তার স্ত্রী ফারজানা (২৫), মর্জিনা (৩৫), তোফাজ্জল (৩৫), আনিসুজ্জামান জিদ্দি (২৫), টিটু মিয়া (৩২), সাগির আহমেদ কনিষ্ঠ (২৫), জুয়েল (২৫)সহ ৮ জন সকলেই ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের বাসিন্দা। এছাড়া নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার আজমপুর গ্রামের আলাল উদ্দিন সজিব (৩৫) নামে অপর ১জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ মাদকবিরোধী এ অভিযানে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, যার আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা, মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৮৯০ টাকা, ২২০ বোতল রেক্টিফাইড স্পিরিট (আনুমানিক মূল্য ৩৩ হাজার টাকা) এবং মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উল্লেখিত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।পাশাপাশি মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


