দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ধানের চারা কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বিল্লাল মিয়া (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল মিয়া ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিল্লাল মিয়া ও একই গ্রামের মছরব আলী প্রতিবেশী এবং পাশাপাশি বাড়ির বাসিন্দা। শুক্রবার দুপুর প্রায় ২টার দিকে ধানের চারা কাটাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিষয়টি গোষ্ঠীগত সংঘর্ষে রূপ নেয় এবং দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় বিল্লাল মিয়াকে উদ্ধার করে সিলেট উসমানী হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।


