দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ভালনারেবল গ্রুপ ফিডিং ( ভিজিএফ) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। এতে প্রায় ৮০০ জন নারী-পুরুষ উপকৃত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান, উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা, সুরমা ইউনিয়নের ট্যাক্স কর্মকর্তা মো. সৌকত আলী, ইউপি মহিলা সদস্য জোসনা রানী রায়, ইউপি সদস্য আব্দুর রউফ, মনির উদ্দিন, শাহজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এ সময় বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিএফ’র এই সহায়তা অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে দরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সহায়ক।


