ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনুই গ্রামে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতের নাম মোছাঃ রিমা আক্তার (৩৫)। তিনি দুগনুই গ্রামের মৃত রিপন মিয়ার স্ত্রী। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রিমা আক্তারসহ কয়েকজন মাদক কারবারি চামরদানী ইউনিয়নের দুগনুই গ্রাম ও আশপাশের এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিল। বিষয়টি জানতে পেরে মধ্যনগর থানা পুলিশ ও যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে রিমা আক্তারের কাছ থেকে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট, ৪টি মোবাইল ফোন এবং নগদ ১৩ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী রিমা আক্তারের বিরুদ্ধে মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারের সঙ্গে জড়িত আরও কয়েকজনের তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, রোববার সন্ধ্যায় গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


