শাবি প্রতিনিধি:
শীতার্ত ও অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন (কিন) দ্বিতীয় ধাপে শুরু করেছে ‘কিন শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি–২০২৫’। এবারের প্রতিপাদ্য নির্ধারন করা হয়েছে, “আত্মার উষ্ণতায় প্রস্ফূটিত হোক অমোঘ মানবতা”।
বুধবার (১৪ জানুয়ারী ) রাতে সংগঠনটির পাবলিসিটি সেক্রেটারি শফিক প্রধান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গত ১৪ই ডিসেম্বর প্রথম ধাপে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচী পালন করেন। শীতবস্ত্রের অভাবে খোলা আকাশের নিচে বসবাসকারী মানুষদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে কিন।
এ বিষয়ে শফিক প্রধান জানান,কিন দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পাঁচটি পৃথক উইংসের মাধ্যমে কীন বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে, যার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি।
তিনি আরো বলেন, আজ দ্বিতীয় ধাপের আওতায় সিলেটের লালাখাল ও গঙ্গা জুন চা বাগান এলাকায় প্রায় দেড়শ জন শিশুসহ মোট ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ বিষয়ে কিন-এর সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘এই কর্মসূচিতে সাধারণ মানুষের সহযোগিতা ও অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। সমাজের অসহায় ও অবহেলিত মানুষের দুঃখ-কষ্ট লাঘবই এই কার্যক্রমের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।


