দোয়ারাবাজার প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বড়বন্দ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। শেষ পর্বে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাব উদ্দীন শিহাব ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলী আহমদের সভাপতিত্বে এবং মহি উদ্দীন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের সদস্য কাছম আলী, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন— লাল মিয়া, রেনু মিয়া, মাহমুদ, ফরিদ মিয়া, জালাল মিয়া, সিরাই মিয়া, হুসাইন আহমেদ, মিসবাহ উদ্দীন, চান মিয়া, আব্দুল ওয়াহিদ বেরাই, মড়ল মিয়া, ফখর মিয়া, কামাল মিয়া, কবির মিয়া, রুস্তম আলী, জহুর মিয়া, ফারুক মিয়া, আলী নেওয়াজ, আব্দুল মন্নানসহ আরও অনেকে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মামুন মিয়া বলেন, “এই প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নয়নে দক্ষিণ বড়বন্দ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে এলাকার সামগ্রিক চিত্র বদলে যায়। শিক্ষার কোনো বিকল্প নেই। সবাইকে শিক্ষামুখী হতে হবে।”
তিনি আরও বলেন, “ঐকান্তিক প্রচেষ্টা ও নিজস্ব এবং সামাজিক অর্থায়নের মাধ্যমে এই প্রতিষ্ঠানকে পূর্ণতা দিতে সকলের ঐক্য প্রয়োজন। ভবিষ্যতে এই বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা দেশ-বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে পরিবার ও সমাজে অবদান রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।”
এ সময় তিনি শিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় সড়ক উন্নয়ন, খেলাধুলা ও বিনোদনের জন্য মাঠ স্থাপন, আধুনিক বিজ্ঞানাগার নির্মাণ এবং প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহসহ বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।


