কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী ও শাহ আরেফিন টিলা এলাকা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের ধারাবাহিক অভিযানে ৮ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ৭ জনকে তিন মাস করে কারাদণ্ড এবং আকাশ নামের ব্যক্তি প্রতিবন্ধী হওয়ায় পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়।
গত রোববার (৭ ডিসেম্বর) রাতে প্রথম দফায় ১ জনকে আটক করা হয়। এরপর সোমবার (৮ ডিসেম্বর) ভোর থেকে বিকেল পর্যন্ত চলানো অভিযানে আরও ৭ জনকে আটক করা হয়। অভিযানের সময় ১৫টি বারকি নৌকা ধ্বংস করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন: তাজুল ইসলাম, জামাল হোসেন, জিয়া, সাচ্চু মিয়া, ইউসুফ, আমিন ও মো. মানিক।
রোববার রাতের অভিযান লক্ষ্য করে একদল দুর্বৃত্ত ইট–পাথর নিক্ষেপ করলেও কেউ আহত হয়নি বলে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার। তিনি আরও জানান, ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন ও শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান, সঙ্গীয় ফোর্স ও বিজিবির সদস্যরা।
ওসি শফিকুল ইসলাম খান জানান, অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


