ডেস্ক রিপোর্ট ::
দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা জানাবে সিলেটের জেলা প্রশাসন। এ উপলক্ষে যোগ্য প্রবাসীদের কাছ থেকে ৬ ক্যাটাগরি আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসীদের অবদান অনন্য ও অনস্বীকার্য। সেই অবদানকে শ্রদ্ধা জানাতেই জেলা প্রশাসন সিলেট জেলার গর্বিত প্রবাসীদের সম্মাননা প্রদানের উদ্যোগ নিয়েছে।
সম্মাননার জন্য সফল প্রবাসী শ্রমিক, সফল প্রবাসী ব্যবসায়ী, প্রবাসী কমিউনিটি নেতা, নারী উদ্যোক্তা, সমাজসেবায় অবদানকারী প্রবাসী এবং দেশে পণ্য সংযোজনে ভূমিকা রাখা প্রবাসীরা আবেদন করতে পারবেন।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ ডিসেম্বর ২০২৫। আবেদন পাঠানো যাবে ই-মেইলে adeeducitzszlhet@mopa.gov.bd। এছাড়া আবেদনপত্র জেলা প্রশাসকের ওয়েবসাইট www.szlhet.gov.bd থেকে সংগ্রহ করা যাবে। আবেদনকারীরা সরাসরি প্রধান কর্মসংস্থান কর্মকর্তা, সিলেট কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন অথবা বাংলাদেশ থেকে WhatsApp এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রবাসীরা দেশের উন্নয়নের এক অগ্রণী শক্তি। তাদের অবদানকে স্বীকৃতি দিতে সিলেট জেলা প্রশাসন নিয়মিতভাবে ‘প্রবাসী সম্মাননা’ প্রদান অব্যাহত রাখবে।


