আধুনিক রিপোর্ট ::
সিলেট নগরে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট কমাতে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বিশেষ অভিযান শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সকাল ৮টা থেকে নগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে এই অভিযান শুরু হয।
সকাল থেকে নগরীর মেন্দিবাগ, নাইওরপুল, জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার এবং পাঠানটুলায় এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেন। এসময় সড়কে চলাচলকারী যানবাহনের কাগজপত্র চেক করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পুলিশ কমিশনার বলেন, ‘নগরবাসীর ভোগান্তি কমানো, যানজট নিরসন এবং দুর্ঘটনা রোধই এই অভিযানের মূল উদ্দেশ্য। অবৈধ যানবাহন সরাতে আমরা আগে সময় দিয়েছি, মাইকিংও করেছি। এরপরও যারা নির্দেশনা মানছে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
তিনি আরও জানান, ‘নগরীতে আর কোনো অবৈধ সিএনজি অটোরিকশা বা ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়া হবে না। পাশাপাশি নগরীর অনুমোদনহীন সিএনজি স্ট্যান্ডগুলো সরিয়ে সুনির্দিষ্ট পার্কিংয়ের জায়গা নির্ধারণের পরিকল্পনাও রয়েছে পুলিশের। এর আগে সড়কে শৃঙ্খলা রক্ষায় এসএমপি আট দফা নির্দেশনা জারি করে। নির্দেশনাগুলোর মধ্যে ছিল- ব্যাটারিচালিত রিকশা ও ভুয়া নম্বর প্লেটযুক্ত যানবাহন নিষিদ্ধ, অনুমোদিত স্ট্যান্ড ছাড়া পার্কিং না করা, মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট বাধ্যতামূলক করা হয়েছে।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘অভিযান চলমান থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত সপ্তাহে এসএমপির পক্ষ থেকে সড়ক শৃঙ্খলা ফেরাতে পাঁচ দফা নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়, নগরীতে ব্যাটারিচালিত রিকশা, রেজিস্ট্রেশনবিহীন ও ভুয়া নাম্বার প্লেটযুক্ত যানবাহন চলাচল করতে পারবে না। অনুমোদিত স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও অটোরিকশা পার্কিং করা যাবে না। এছাড়া মোটরসাইকেল চালক ও আরোহীকে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।


