আধুনিক ডেস্ক:
গান-কবিতা-নৃত্যে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে ষড়ঋতুর শরৎকে বরণ করে ‘শরৎ কবিতা উৎসব-১৪৩২’ উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার কলেজের শহিদ মিনারে মুরারিচাঁদ কবিতা পরিষদ ৪র্থ বারের মতো শরৎকে বরণ করে নেয় নানা আয়োজনের মাধ্যমে। মুরারিচাঁদ কবিতা পরিষদের নাঈমুল ইসলাম গুলজার ও অনুশুয়া বিশারদ অতসী‘র সঞ্চালনায় মইনুল হাসান আবির’র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান।

এসময় বক্তারা বলেন, আমরা বিভিন্নভাবে কবিতাকে দেখি, সংজ্ঞায়িত করি, উপলব্ধি করি। ভাষা যেমন মানুষের মনের ভাব প্রকাশ করে, কবিতাও তেমনি গদ্যের মতো ভাষা প্রকাশের অন্যতম আরেকটি মাধ্যম। কবিতা চর্চা বা কবিতা লেখা সহজ বিষয় নয় তা মনেপ্রাণে ধারণ করতে পারলে কাব্যিক প্রাণ ফিরে পাবে।
এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মো. গিয়াস উদ্দিন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসু, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী, মুরারিচাঁদ কবিতা পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রফেসর সুনীল ইন্দু অধিকারী, ফৌজিয়া আজিজ ও অঘ্রাতা সৌরভ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক শাহনাজ বেগম এবং কলেজের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা পর্ব শেষে মুরারিচাঁদ কবিতা পরিষদ-এর মুখপত্র “ত্রৈমাসিক জাগরণ” এর ২২তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। সাংস্কৃতিক পর্বে মুরারিচাঁদ কবিতা পরিষদ, থিয়েটার মুরারিচাঁদ ও মোহনা সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, গান, একক, দ্বৈত কবিতা আবৃত্তি ও দলগত নৃত্য পরিবেশিত হয়।


