ফেরদৌস চৌধুরী রুহেল ::
২০০১ সালের মাঝামাঝি সময়ে দিলদার হোসেন সেলিম ভাইয়ের নেতৃত্বাধীন জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির মেয়াদ শেষ হয়ে যায়। তখন একটি অ্যাডহক কমিটি (আহ্বায়ক কমিটি) গঠন করা হয়। ওই কমিটির সদস্যসচিব হন খন্দকার বাবুল ভাই। তাদের আয়োজনে ২০০২ সালের অক্টোবরে সিলেট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আহমদ আরিফ আরেফ সাধারণ সম্পাদক এবং আমি যুগ্ম সম্পাদক নির্বাচিত হই। সেলিম ভাইয়ের সমর্থন থাকায় সংখ্যাগরিষ্ঠ পদে আমাদের প্যানেলই জয়ী হয়। শুরু হয় আমাদের নতুন পথচলা।
সেসময়কার অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের আরেফ এর অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। সে সুবাদে সিলেট জেলা ক্রীড়া সংস্থার অবকাঠামগত উন্নয়নও বেশ গতি পায়। সিলেট জেলা স্টেডিয়ামের ফ্লাডলাইট এবং প্যাভেলিয়ন বিল্ডিং ওই কমিটির হাত ধরেই সমাপ্ত হয়।
২০০৪ সালে বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরীসহ বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সাথে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জানান, অর্থমন্ত্রী সাইফুর রহমান বিভাগীয় ক্রীড়া সংস্থার মাঠ হিসেবে বিভাগীয় স্টেডিয়ামের জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন। এখণ স্টেডিয়ামের জন্য জায়গা নির্ধারণ করতে হবে। মাহবুব ভাই, আরেফের উপর দায়িত্ব দেন এবং আমাদেরকে সহযোগিতা করার কথা বলেন। মাহবুব ভাইসহ আমরা সবাই স্টেডিয়ামের জায়গা খুঁজতে থাকি। দক্ষিণ সুরমায় কয়েকটি স্থান আমরা দেখি কিন্তু কোনটিই পছন্দ হয়নি। কারণ কোথাওই বিভাগীয় স্টেডিয়াম করার মত বড় জায়গা পাওয়া যায়নি। তখন আমার ভাবনায় আসে লাক্কাতুরা মাঠের কথা। মাহবুব ভাই এবং আহমদ আরিফকে আমি প্রস্তাব করি লাক্কাতুরা খেলার মাঠটি পরিদর্শনের জন্য। যেহেতু এই জায়গা ন্যাশনাল টি গার্ডেনের মালিকানায় তাই বড় করতে বাধা থাকবে না। কারণ অর্থমন্ত্রীর সাথে আহমদ আরেফের যে সম্পর্ক রয়েছে তা কাজে লাগিয়ে অতি সহজেই ব্যবস্থা হয়ে যাবে। মাহবুব ভাই ও আহমদ আরিফসহ আমরা সবাই লাক্কাতুরা মাঠ পরিদর্শন করি। বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব ভাই মাঠের ব্যাপারে পুরো দায়িত্ব জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহমদ আরিফের কাঁধেই তুলে দেন। বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি এক্ষেত্রে তাকে সব ধরনের সহযোগিতা করবেন বলেও জানান মাহবুব ভাই। (চলবে)
ফেরদৌস চৌধুরী রুহেল, ক্রীড়া সংগঠক


