আধুনিক ডেস্ক:
সিলেটের জৈন্তাপুর উপজেলার এম আহমেদ পাবলিক হাই স্কুলের শিক্ষার গুণগত মান ও সুষ্ঠু পরিবেশ রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে স্থানীয় অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন।
গত ১০ সেপ্টেম্বর এ স্মারকলিপি জমা দেওয়া হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার কারণ হিসেবে কয়েকটি বিষয় উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে-
১. বিদ্যালয়ে প্রায় ১০ বছর ধরে শিক্ষকদের ফলাফল বিপর্যয়।
২. উদ্বেগজনক হারে ছাত্র-ছাত্রীর সংখ্যা হ্রাস পাওয়া। ৩. বিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা অধঃপতন। ৪. ছাত্রীদের নিরাপত্তার অভাব।
৫. সন্ধ্যার পর বখাটেদের আনাগোনা ও মাদক সেবন। ৬. পর্যাপ্ত শিক্ষক সংকট।
স্মারকলিপিতে বলা হয়, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও সুশীল সমাজের উদ্যোগে আলোচনা করে দেখা গেছে যে, বিদ্যালয়ের শিক্ষার মান ক্রমেই নিম্নমুখী হচ্ছে। শিক্ষক সংকট, অযোগ্য ও দায়িত্বহীন শিক্ষকদের কারণে শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহ হারিয়ে যাচ্ছে। ফলে অনেকেই পাশের বিদ্যালয়ে ভর্তি হচ্ছে।
এছাড়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের মাঠে সন্ধ্যার পর অসামাজিক কার্যকলাপ ও মাদকাসক্তদের আসর বসে। এতে শিক্ষার্থীদের জন্য ঝুঁকি তৈরি হচ্ছে। পাশাপাশি পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষকরা কোচিং ব্যবসায় বেশি মনোযোগী হওয়ায় শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে দাবি করা হয়। বিদ্যালয়ে দ্রুত নতুন যোগ্য শিক্ষক নিয়োগ দিতে দেওয়া, শিক্ষকদের অনিয়ম বন্ধ করে পাঠদানে মনোযোগী করা, বিদ্যালয় প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং শিক্ষার মান উন্নয়নে প্রশাসনের কঠোর নজরদারি।
স্মারকলিপিটি গ্রহণ করে উপজেলা প্রশাসন আশ্বাস দিয়েছে যে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


