কোম্পানীগঞ্জ প্রতিনিধি ::
সিলেটের কোম্পানীগঞ্জে পর্যটনকেন্দ্র সাদাপাথরে পাথর লুটের ঘটনায় গ্রেপ্তার হলেন এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। গ্রেপ্তার আলমগীর আলম কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে কোম্পানীগঞ্জ উপজেলার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক।
পুলিশ জানায়, অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের অভিযোগে গত বছর দায়ের হওয়া এক মামলার তালিকাভুক্ত আসামি আলমগীর আলম। পাশাপাশি ওই মামলায় জব্দ করা যন্ত্রপাতি চুরির অভিযোগে দায়ের হওয়া আরেকটি মামলারও আসামি তিনি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান প্রথম আলোকে বলেন, পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া সম্প্রতি সাদাপাথর লুট হওয়ার ঘটনায় তিনি জড়িত কি না, সেটা পুলিশ খতিয়ে দেখছে।


