আধুনিক রিপোর্ট ::
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ফ্যাসিস্ট সরকারের সহযোগী ছাত্রলীগ ছাত্র রাজনীতির নামে যে সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে এসেছে তাতে এখনও ছাত্ররা আতঙ্কগ্রস্ত। সে ধারা পরিবর্তনেই বাংলাদেশ ছাত্রদল কাজ করে যাচ্ছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে সিলেটের মুরারিচাঁদ কলেজ ছাত্রদলের সম্মেলন ও কাউন্সিলের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি আশ্বাস দেন ছাত্রদল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব রাজনীতিই চালিয়ে যাবে।
তিনি বলেন, ৫ আগস্টের পর শুরুর দিকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘচনা ঘটলেও গত এক বছরে ছাত্রদলের দ্বারা কোনো অপরাধ সংঘটিত হয়নি। তিনি বলেন, আমাদের কোনো নেতাকর্মী কোনে অপরাধ করলে আমরা তা এড়িয়ে যাই না। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিই।
তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনন দেশের আনাচে কােনাচে ছড়িয়ে আছে। তারা সোশাল মিডিয়ায়ও অ্যাকটিভ রয়েছে। তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। সুযোগ পেলেই তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা ক্যাম্পাসেও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে। তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা অবস্থান করছে।
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিতে বিশ্বাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব।
উল্লেখ্য, প্রায় ২১ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদল। কাউন্সিলে মোট ভোটার ৬৩৯ জন। এর মধ্যে সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


