শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) অঙ্গপ্রতিষ্ঠান শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়োমে পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ছাত্র উপদেশ ও নিদের্শনা পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দিগ্বিজয় চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “একসময় আমরাও স্কুল-কলেজের শিক্ষার্থী ছিলাম। তখন সামনের পরীক্ষাগুলো কীভাবে ভালোভাবে দেওয়া যায়, তা নিয়ে আমরা যেমন উচ্ছ্বসিত ও উদ্বিগ্ন ছিলাম, তোমরাও আজ একই অবস্থানে রয়েছো। তবে মনে রাখতে হবে, ভবিষ্যতে তোমাদেরই নেতৃত্বের আসনে বসতে হবে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে হবে। তোমরাই দেশের তরুণ প্রজন্ম। ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়সহ দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান, মেধা, দক্ষতা ও কর্মস্পৃহা দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দেশের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে, এটাই আমাদের প্রত্যাশা। সেই লক্ষ্য অর্জনের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।”
তিনি আরও বলেন, “বাবা-মায়ের পর শিক্ষকদের অবস্থান। তাই শিক্ষকদের যথাযথ সম্মান করতে হবে। জীবনের যেখানেই যাও না কেন, এই প্রতিষ্ঠানের শিক্ষকদের অবদান ও উপদেশ সবসময় স্মরণে রাখবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সংযম ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। অতিরিক্ত সবকিছু পরিহার করে লক্ষ্য অর্জনে মনোযোগী হতে হবে। বিশেষ করে পরীক্ষার আগে আরও আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। “
অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
