শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের জন্য র্যাগিংমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে একযোগে নানামুখী উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টর অফিস।
বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে র্যাগিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র্যাগিং একটি গুরুতর ফৌজদারি অপরাধ। নবীন শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সহায়ক শিক্ষার পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স বা কঠোর অবস্থান বজায় রাখবে।পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটের প্রধানদের নিজ নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে র্যাগিংবিরোধী সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
প্রশাসন কর্তৃক বিজ্ঞপ্তির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের পক্ষ থেকে একটি বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করা হয়েছে। ক্যাম্পেইনের অংশ হিসেবে ক্যাম্পাসে টানানো একটি সচেতনতামূলক পোস্টারে সিনিয়র শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা দেওয়া হয়েছে।
পোস্টারের বলা হয়েছে, “যে শিক্ষার্থীকে আজ আমি র্যাগিং করছি, সকালে ক্যাম্পাসে আসার আগে তার মা হয়তো বলেছিলেন কোনো সমস্যা হলে সিনিয়র ভাইয়া-আপুরা তোমাকে সাহায্য করবে। সেই বিশ্বাস ভেঙে দেবেন না।”
সেই সাথে র্যাগিংয়ের শিকার হলে বা কোনো অভিযোগ থাকলে শিক্ষার্থীরা যেন দ্রুত প্রক্টর অফিসের সাথে যোগাযোগ করতে পারেন, সেজন্য বেশ কিছু জরুরি সেবা চালু করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলে আশা প্রকাশ করছেন, প্রশাসন ও প্রক্টর অফিসের এই যৌথ কঠোর অবস্থান ও সচেতনতামূলক কার্যক্রমের ফলে শাবিপ্রবি ক্যাম্পাস পুরোপুরি র্যাগিংমুক্ত থাকবে।
