আধুনিক রিপোর্ট ::
অবশেষে সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। বুধবার (৫ নভেম্বর) নিজেই তিনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে চেয়ারপারসনের নির্দেশে তিনি ওই আসনে নির্বাচন করতে সম্মত হন।
আরিফুল হক চৌধুরী জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে চেয়ারপারসনের নির্দেশে তিনি ওই আসনে নির্বাচন করতে সম্মত হন। তিনি বলেন, চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। তার নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দল আমাকে মনোনয়ন দিয়েছে। সিলেট-৪ আসনের মানুষের ভালোবাসা নিয়েই আমি নির্বাচনী মাঠে নামব। দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। আজও সিলেট-৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি।
এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) কেন্দ্রের জরুরি তলবে তিনি ঢাকায় যান। সেখানে তাকে নিয়ে একাধিক দফায় বৈঠক হয়। সর্বশেষ বুধবার রাত ৮টায় বিএনপি চেয়ারপার্সন তাকে ডেকে পাঠান এবং এ সিদ্ধান্ত দেন। সিলেট সিটির সাবেক এই মেয়র সিলেট-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু গত সোমবার এই আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে অনেকটা আশাহত হন আরিফ।
এদিকে প্রার্থী ঘোষণার দিন সিলেটের ছয়টি আসনের মধ্যে সিলেট-৪ ও সিলেট-৫ আসনে কারও নাম ঘোষণা করা হয়নি। এ নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছিল।
