আধুনিক রিপোর্ট ::
সিলেটে ব্যাটারি রিকশা চালকদের আন্দোলনে উসকানির অভিযোগে গ্রেপ্তার ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি আনোয়ার হোসেন সুমনসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে আটক হলেন সিলেট জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মাশরুক জলিল এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের (শাবি) দুই সংগঠক মোহাম্মদ জুবায়ের আহমেদ জুয়েল ও শান্ত তালুকদার। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেটে চলমান রিকশা শ্রমিক আন্দোলন দমানোর জন্য বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন সুমনসহ শ্রমিক সংগঠক ও রাজনৈতিক নেতাকর্মীদের গণগ্রেপ্তার এবং ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
উল্লেখ্য, এর আগে শনিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট নগরীর আম্বরখানা বড়বাজারস্থ বাংলাদেশ সমাজতান্ত্রিক দলে (বাসদ) কার্যালয় থেকে ২২ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। সম্প্রতি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করেছেন শ্রমিকেরা। এতে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। ওই আন্দোলনে সংগঠক হিসেবে বাসদ ও সিপিবির নেতারা সম্পৃক্ত আছেন বলে পুলিশ জানায়।
