আধুনিক রিপোর্ট ::
হজরত শাহপরানের (রাহ.) মাজারের পুকুর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৯টায় সিলেট নগরীর খাদিমপাড়ায় মাজারের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। হারুন মিয়া নামের যুবক সুনামগঞ্জ জেলার সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের লাল মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, নিহতের গলায় গভীর কাটা দাগ এবং হাতে কেনোলা বা আঁচড়ের চিহ্ন রয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, হারুন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার তিনি কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান। পরদিন সকালে মাজারের পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে বিস্তারিত জানা যাবে।
