শাবি প্রতিনিধি:
বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনাকে কেন্দ্র করে সিলেটর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘সরকারি খাতে আর্থিক ব্যবস্থাপনার প্রয়োগ’শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক এই কর্মশালার আয়োজন করেন।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় আইকিউএসি ভবনে আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারের সভাপতিত্বে দুই দিনব্যাপী এই কর্মশালা শুরু হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো.সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ে আর্থিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র।
আর্থিক কার্যক্রমকে আধুনিক, দক্ষ ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং যুগোপযোগী দক্ষতা অর্জন অপরিহার্য। আমি বিশ্বাস করি, এই কর্মশালা বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনতে সহায়ক হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম বলেন, এখানে যারা প্রশিক্ষণ নিতে এসেছেন তাঁদের দায়িত্ববোধ ও আন্তরিকতা আমাদের গর্বিত করেছে। এই প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় একটি নতুন গতি ও স্বচ্ছতা আসবে বলে আমি আশাবাদী। আমার প্রত্যাশা, বিভাগ ও দপ্তরের প্রতিটি ইউনিট একত্রে একটি নিখুঁত আর্থিক ব্যবস্থাপনা কাঠামোর মাধ্যমে পরিচালিত হবে। এছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ে ইউজিসির বাজেট প্রণয়নে ইতিবাচক মনোভাব আরও জোরদার হবে বলে বিশ্বাস করি।
কর্মশালায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অর্থ, হিসাব ও বাজেট বিভাগের পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার,বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির , বিভিন্ন দপ্তরের প্রধান এবং অতিরিক্ত পরিচালক পদমর্যাদার কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।
