শান্তিগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থিত পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার সংলগ্ন ইনাতনগর সড়কের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)।
জয়কলস হাইওয়ে পুলিশের ওসি সুমন কুমার চৌধুরী জানান, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়ানোর উদ্দেশ্যে ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তা সপরিবারে বাসযোগে রওনা দেন। বাসটি শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাতনগর গ্রামের রাস্তার প্রবেশমুখে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা মারা যান।
এঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে প্রাথমিক চিকিৎসা নেন আহতরা। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে।
