আধুনিক ডেস্ক ::
রোজা কবে শুরু হতে পারে-ধারণা দিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থার প্রাথমিক হিসাব অনুযায়ী, দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, রমজান মাস শুরু হবে নতুন চাঁদ ওঠার ভিত্তিতে। এ চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ১ মিনিটে আবুধাবির সময় অনুযায়ী জন্ম নেবে। কিন্তু এ নতুন চাঁদ সূর্যাস্তের এক মিনিট পরই অস্ত যাবে। তাই সেই দিন সন্ধ্যায় চাঁদ দেখা সম্ভব হবে না। তাই চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক নিশ্চিতকরণের পর রমজানের প্রথম দিন হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি। আর সে হিসেবে বাংলাদেশে রমজানের প্রথম দিন হতে পারে ২০ ফেব্রুয়ারি, শুক্রবার। ভৌগলিক অবস্থানের কারণে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে চাঁদের দেখা মেলে।
বর্ষপঞ্জির হিসেবে বসন্তের শুরুতে বাংলাদেশ রমজান শুরু হবে। প্রতিবছর রোজা শুরু হয় চাঁদ দেখার ভিত্তিতে, যেটা নিশ্চিত হওয়া যায় শাবান মাসের ২৯ তারিখ পর্যবেক্ষণ করার পর। প্রতিটি দেশের ধর্ম মন্ত্রণালয় ও চাঁদ দেখা কমিটি নিজস্ব পদ্ধতি অবলম্বন করে রোজা শুরুর ঘোষণা দিয়ে থাকে।
ইসলামিক বর্ষপঞ্জির হিসাব হয় চাঁদের চক্র অনুসরণ করে, যেখানে প্রতি মাসের গণনা শুরু হয় চাঁদ দেখার ভিত্তিতে। সৌর মাসের চেয়ে চন্দ্র মাসের ব্যাপ্তি কম হওয়ায় গ্রেগরিয়ান বর্ষপঞ্জির হিসাবে প্রতিবছর রোজা ১০ থেকে ১১ দিনের মত এগিয়ে আসে। সেই হিসেবে ৩৩ বছরের একটি চক্রে সব মাসেই রোজা রাখার সুযোগ মেলে মুসলমানদের।
