ধর্মপাশা- মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মহদীপুর বাজার জামে মসজিদের তালা ভেঙে ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায়। মুয়াজ্জিন মসজিদে প্রবেশ করে দরজা খোলা এবং সাউন্ড সিস্টেমের ব্যাটারি উধাও দেখতে পান।
একই রাতে সিরাজুল মিয়ার গুদাম থেকে একটি মোবাইল ফোন (মূল্য ১৮ হাজার টাকা) ও মনজুল হকের বাড়ি থেকে একটি ব্যাটারি চালিত অটোবাইক (মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা) চুরি হয়।
স্থানীয়রা জানান, দুই সপ্তাহে এলাকায় প্রায় ১০-১৫টি দোকানে চুরি হয়েছে, যা ব্যবসায়ী ও মুসল্লিদের আতঙ্কে ফেলেছে। তাদের দাবি, অবিলম্বে পুলিশি টহল বাড়ানো হোক।
মসজিদের ইমাম শেখ সামছ উদ্দিন আহমেদ বলেন, ৬৩০০ টাকার ১২০ ভোল্ট ব্যাটারি চুরি হওয়ায় বিদ্যুৎ না থাকলে খোলা গলায় আজান দিতে হচ্ছে, এতে মুসল্লিদের ভোগান্তি হচ্ছে।
ধর্মপাশা থানার ওসি এনামুল হক জানান,এ ব্যাপারে কোন অভিযোগে এখনো পর্যন্ত পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
