আধুনিক রিপোর্ট ::
সিলেট সিটি কর্পোরেশনের প্রায় জন্মলগ্ন থেকেই সঙ্গী ছিলেন নূর আজিজুর রহমান। সিসিকে বিশ বছর কাটিয়ে এবার ঢাকায় বদলি হলেন তিনি। ২০০৩ সালে সিলেট সিটি কর্পোরেশনে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগ দিয়েছিলেন, এরপর তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন শেষে প্রধান প্রকৌশলীর দায়িত্ব পান ২০১৭ সালে। এবার দায়িত্ব পেয়েছেন ঢাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। বুধবার (১২ আগস্ট) এক প্রজ্ঞাপনে তাকে প্রেষণে ঢাকায় বদলি করার এ আদেশ জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
২০০৩ সালের জুনে সিলেট সিটি কর্পোরেশনে নির্বাহী প্রকৌশলী হিসেবে নিয়োগ পান লক্ষ্মীপুরের বাসিন্দা নুর আজিজুর রহমান। ২০১৪ সালে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে উন্নীত হন। ২০১৭ সালে দায়িত্ব পান প্রধান প্রকৌশলীর। এর আগে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবেও দায়িত্ব পালন করেন। মাঝে বছর দেড়েক সিলেট থেকে বদলি হয়ে বরিশালে দায়িত্বে ছিলেন নূর আজিজুর রহমান। দায়িত্বকালীন সময়ে সিলেট নগরীর সড়ক অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তত্ত্বাবধান করেছেন তিনি। তাকে নিয়ে অনেক বিতর্ক আছে। তাই নূর আজিজের বদলির খবরে নগরজুড়ে বেশ আলোচনার সৃষ্টি রয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান আধুনিক কাগজকে বলেন, জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসেন, জনগণের প্রতি তাদের দায়বোধ থাকে। এলাকার উন্নয়নে তাদের প্রতিশ্রুতি থাকে। আমরা যারা চাকরি করি তারা আমাদের দায়িত্ব পালন করে যাই। কিন্তু সিলেটের ক্ষেত্রে আমি দায়িত্বের উর্ধ্বে উঠে কাজ করার চেষ্টা করেছি। পথ খুঁজেছি, কী করে সিলেট নগরীর জন্য বাড়তি উন্নয়ন কাজ বাগিয়ে আনা যায়। আমি ১০টা-৫টা চাকরির মধ্যে নিজেকে আটকে রাখিনি। সিলেটকে আপন ভেবে ছুটির দিনেও কাজ করেছি। দীর্ঘদিন সিলেটে থাকায় সিলেটকে নিজের এলাকাই মনে করেন নূর আজিজুর রহমান। শুধু তারই নয় স্ত্রী-সন্তান সকলেরই সিলেটের প্রতি মায়া পড়ে গেছে বলে জানালেন নূর আজিজ। তিনি বলেন, সিলেট ছেড়ে যেতে মন চাইছে না। জানালেন, চাকরির মেয়াদ আছে আর মোটে তিন বছর। বললেন, যেহেতু প্রেষণে যাচ্ছি, মহান আল্লাহতাআলা চাইলে আবার হয়তো সিলেটে ফিরে আসব। তার চাওয়া সিলেট থেকেই যেনো অবসরে যেতে চান।
