আধুনিক ডেস্ক ::
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শিক্ষা উপদেষ্টার বরাত দিয়ে মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট এক পোস্টে এ কথা জানান।
রুটিন অনুযায়ী মঙ্গলবার রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা)/ইতিহাস দ্বিতীয় পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র/উত্পাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।
এর আগে সোমবার রাত তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে পরীক্ষা স্থগিত হওয়ার কথা জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও রাত সাড়ে তিনটার পর আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সংক্রান্ত একটি পোস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান সোমবার (২১ জুলাই) বেলা একটার কিছুক্ষণ পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক। মাইলস্টোনের ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করার কথা জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ঘটনায় অন্তর্বর্তী সরকার আজ জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। এ কারণে আজ অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে।
