জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বুধবার (২ এপ্রিল) সকাল ১০টায় মহাসড়কের দুই পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ শুরু হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
অভিযানকালে হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মেজর মাজহারুল ইসলাম নওশাদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম উপস্থিত ছিল। এছাড়াও, সিলেট বিভাগ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা, তামাবিল-সিলেট ছয় লেন প্রকল্পের কর্মকর্তারা এবং ভূমি অফিসের সার্ভেয়াররা উপস্থিত ছিলেন।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। প্রশাসনের নির্দেশনার পর অনেক ব্যবসায়ী তাদের দোকানপাট থেকে মালামাল সরিয়ে নেন এবং কিছু দোকানের টিনের অংশ খুলে ফেলেন। তবে, কিছু পাকা স্থাপনা থেকে যায়।
বুধবার সকালে শুরু হওয়া অভিযানে তাড়ুহাঁটি পয়েন্ট থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান বিরতিহীনভাবে চলছিল।
এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট-তামাবিল মহাসড়ক ছয় লেন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক ইকবাল হায়াৎ, সিলেট সড়ক ও জনপদের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সোলায়মান, উপ-সহকারী প্রকৌশলী শামীম আহমেদ, জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক শংকর চন্দ্র দেবসহ জৈন্তাপুর ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে দখলকৃত জায়গা পুনরুদ্ধার ও মহাসড়কের প্রশস্তকরণ নিশ্চিত করতেই এ অভিযান পরিচালিত হয়েছে।