আধুনিক রিপোর্ট:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) একসঙ্গে ভোট বর্জন করলেন ৪ প্রার্থী। তারা হলেন- গণফোরামের প্রার্থী ও বর্তমান এমপি মোকাব্বির খান (উদীয়মান সূর্য), বিশ্বনাথ পৌরমেয়র স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান (ট্রাক), জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়া (লাঙ্গল) এবং তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব (সোনালী আঁশ)।
রবিবার (৭ জানুয়ারি) দুপর দেড়টায় ওসমানীনগরের গোয়ালাবাজারস্থ একটি রেস্টুরেন্টে প্রেস ব্রিফিং করে এ ৪ জন নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এসময় পৃথক বক্তব্য মোকাব্বির খান, মুহিবুর রহমান, ইয়াহইয়া চৌধুরী এহিয়া ও আব্দুর রব বলেন- সিলেট-২ আসনজুড়ে মোটেই ভোটের সুষ্ঠু পরিবেশ নেই।
নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের এজেন্টদের মারধরসহ হুমকি-ধমকি প্রদান করছেন। যার ফলে আমরা ভোট বর্জন করতে বাধ্য হচ্ছি।
তারা আরও বলেন- প্রধানমন্ত্রী ও ইলেকশন কমিশনের আশ্বাসে বিশ্বাস করে আমরা প্রার্থী হয়েছিলাম। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশন নেই। যেন আগে থেকেই সব কিছু পরিকল্পনা করে করা হচ্ছে। এমন নির্বাচনে লড়ে লাভ নেই।