আধুনিক রিপোর্ট:
সিলেটে মোবাইল চোরের বড় একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। মঙ্গলবার রাতভর দক্ষিণ সুরমা ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- মোগলাবাজারের সিলাম এলাকার টিকরপাড়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে মিজানুর রহমান (২১) ও সিলেট নগরীর টিলাগড় এলাকার মো. সিরাজুলের ছেলে মো. হাসান আহমদ (২৩)। আটককৃতদের কাছ থেকে সাড়ে ১৯ লাখ টাকার বিভিন্ন কোম্পানি ও মডেলের ১৮৬টি স্মার্ট ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, এই চক্র সিলেট মহানগরের বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন চুরি করে আইএমইআই নাম্বার পরিবর্তন করে বিভিন্ন জায়গায় বিক্রি করতো। এই চক্রের সদস্য মিজান হাসানকে আটকের সময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানি ও মডেলের ১৮৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এছাড়াও চুরি করা কম্পিউটারের সরঞ্জামাদিও জব্দ করে পুলিশ। এসবের আনুমানিক মূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা।
এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিনগত রাতে ফজর পর্যন্ত দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন সিলাম ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে মোবাইল চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।