কোম্পানিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. রতন শেখ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি থানায় এসে যোগদান করেন।
১৯৭৩ সালের ৫ নভেম্বর বাগেরহাট সদর থানার হরিণখানা গ্রামে জন্মগ্রহণ করেন রতন শেখ। তিনি ১৯৯৪ সালে সাব-ইন্সপেক্টর (এসআই) পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে মাগুরা, ঢাকা মেট্রোপলিটন, কুষ্টিয়া, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন।
২০১০ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে সাতক্ষীরায় প্রথমবারের মতো ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি গোয়াইনঘাট ট্যুরিস্ট পুলিশ জোন এবং মাদারীপুর জেলার শিবচর থানার অফিসার ইনচার্জ ছিলেন।
জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি থাকাকালীন সময়ে দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক সম্মাননা অর্জন করেন। এর মধ্যে রয়েছে—রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা), আইজিপি এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ, শুদ্ধাচার পুরস্কার (২০২২) এবং জাতিসংঘ শান্তি মিশন (সুদান) পদক (২০১৪)।
গত ৩১ আগস্ট সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে সাবেক ওসি উজায়ের আল মাহমুদ আদনানকে সিলেট সদর কোর্টে বদলি করে এবং রতন শেখকে কোম্পানীগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে নিয়োগ দেওয়া হয়।


