আধুনিক ডেস্ক ::
রাজধানীর কাফরুল থানা এলাকায় মো. রুস্তম নামে এক কিশোর হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমকে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত এ আদেশ দেন।
এদিন সকালে কারাগার থেকে রুস্তমকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক মো. কামরুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন বিচারক। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
গত ৫ মার্চ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেফতার করা হয়। পরের দিন নাগরিকদের জাতীয় পরিচয়পত্র তথ্য বিক্রির অভিযোগে দায়ের করা মামলার জিয়াউল আলমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে কারাগারে ছিলেন তিনি।
মামলায় অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই কাফরুল থানার মিরপুর-১০ গোলচত্বর বেগম রোকেয়া সরণি শাহআলী প্লাজা মার্কেটের পশ্চিম পাশে বাটা শো-রুমের সামনে আন্দোলনে অংশ নেন মো. রুস্তম। ঘটনার দিন বিকালে আসামিদের ছোড়া গুলিতে আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রুস্তমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার কাফরুল থানায় হত্যা মামলাটি দায়ের করে।


