আধুনিক ডেস্ক:
“জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ” শ্লোগানে স্লোগানে সিলেট মহানগর ছাত্রশিবির মঙ্গলবার (৫ আগস্ট) এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে র্যালিটি আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি শাহীন আহমদ। সঞ্চালনায় ছিলেন মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজু।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহী। তিনি অভিযোগ করে বলেন, “চব্বিশের জুলাইয়ের বিজয়ের পর যারা আন্দোলনের ফসল ভোগ করছেন, তারা আজ বিজয়ের বিনয় ভুলে গেছেন। দুই সহস্রাধিক ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে যারা নেতৃত্বের আসনে বসেছেন, তারা একজন খুনি বা সন্ত্রাসীর বিচারও নিশ্চিত করতে পারেননি। আহত ও শহীদ পরিবারের প্রতিও তাদের দায়িত্বহীনতা পরিষ্কার।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে বিভক্ত হওয়ার সুযোগ নেই। ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার কাজে ব্যর্থ হলে ষড়যন্ত্রকারীরা আবার সক্রিয় হয়ে উঠবে।”
সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, “জুলাই বিপ্লব নিয়ে যারা টালবাহানা করছেন, তারাই নব্য ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পথে হাঁটছেন। এই বিপ্লব কোনো একক গোষ্ঠীর সম্পত্তি নয়; এটি ছাত্র-জনতার সম্মিলিত ত্যাগের ফসল।”
র্যালিতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি সভাপতি তারেক মনোয়ার এবং সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের।
অনুষ্ঠানে ছাত্রশিবির সিলেট মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


