জৈন্তাপুর প্রতিনিধি:
জৈন্তাপুরে সিলেট তামাবিল মহাসড়কে কদমখাল নামক স্থানে বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (৬ই নভেম্বর) সাড়ে তিনটায় মোটরসাইকেল যোগে চাচাতো ভাইদের সাথে খালার বাড়ী কদমখাল যাচ্ছিলো নিহত গুলজার আহমদ (১৮)। জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের লামামহাইল গ্রামের ফখরুল ইসলামের ছেলে নিহত গুলজার।
পথিমধ্যে তামাবিল মহাসড়কের ডিবিরহাওড় লালশাপলা বিলের প্রবেশমুখে পৌছা মাত্র বিপরীত দিক হতে আসা বালু বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২০-১৫৭১ ) সাথে সংঘর্ষ হলে বাইকের পিছনে বসা গুলজার বাইক থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পরপর সিলেট-তামাবিল মহাসড়ক যান চলাচল বন্ধ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সাথে আলোচনা করলে যানচলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দূর্ঘটনা কবলিত বাইকটি উদ্ধারের পাশাপাশি ঘাতক ট্রাকটিকে আটক করে। নিহতের ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে পুলিশ। বর্তমানে তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।