কাগজ রিপোর্ট ::
বুধবার বাদ আসর সিলেটে অনুষ্ঠিত হবে জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) আব্দুল মালিকের জানাজা। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শায়িত হবেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দেশের প্রথিতযশা হৃদরোগ বিশেষজ্ঞ আব্দুল মালেক।
ডা. আব্দুল মালিকের ভাতিজা ব্যাংকার মো জালাল উদ্দিন তাজ আধুনিক কাগজকে জানান, বুধবার ভোর ৪টায় ঢাকা থেকে মরদেহবাহী গাড়ি সিলেটের উদ্দেশে রওয়ানা হবে। বাদ আসর দক্ষিণ সুরমার কুচাইয়ের সৈয়দা নুরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে স্বাধীনতা পদকজয়ী এ শিক্ষাবিদ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ…রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্বে ছিলেন। বার্ধক্যজনিত কারণে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালিক মারা যান।
উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) আব্দুল মালিক ১৯২৯ সালের ১ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৯ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। আব্দুল মালিক ২০০৪ সালে স্বাধীনতা পদক পেয়েছিলেন। ২০০৬ সালে সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে মনোনীত করে। আবদুল মালিকের স্ত্রী আশরাফুন্নেসা খাতুন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে ডা. ফজিলাতুন্নেছা মালিক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কার্ডিলজি বিভাগের অধ্যাপক। ছেলে মাসুদ মালিক একজন ব্যবসায়ী। অপর ছেলে মনজুর মালিক কানাডায় থাকেন।